মজেস রড্রিক্স
চেয়ারম্যান
শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা ঈশ্বরের। তিনি মহান, সত্যিই মহান। ”কেননা ঈশ্বর জগৎকে এতই ভালবেসেছেন যে, তাঁর একমাত্র পুত্রকে দান করেছেন, তাঁর প্রতি যে কেউ বিশ্বাস রাখে, তার যেন বিনাশ না হয়, কিন্তু অনন্ত জীবন পেতে পারে। (যোহন ৩: ১৬)“
শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানাই সমবায়ী প্রীতি ও শুভেচ্ছা। বিগত ৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ রোজ শুক্রবার শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে সদস্য/সদস্যাদের সক্রিয় অংশগ্রহণ ও ভোট প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠ-সুন্দর নির্বাচন সুসম্পন্ন হয়েছে, যা আমাদের সাধু যোসেফের ধর্মপল্লীতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। নির্বাচনে আপনারা আমাকে ও ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সকলকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর উন্নয়নের ধারাবাহিকতা সচল রাখতে সহায়তা করেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞচিত্তে শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সকল সদস্য/সদস্যাদের ধন্যবাদ জানাই।
শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১৯৬৬ সনের ২৯ শে মে তারিখে প্রতিষ্ঠিত হয়। শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ প্রতিষ্ঠা লগ্নে “শুলপুর খৃষ্টান সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি” নামে গঠন করা হয়েছিলো। ১৯৮৮ খ্রিষ্টাব্দে নিবন্ধনকালীন নাম পরিবর্তন হয়ে নাম হয় “শুলপুর খৃষ্টান সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি লিঃ”। বিশ তম বার্ষিক সাধারণ সভায় উপ-আইন সংশোধন পূর্বক সমিতির নাম পরিবর্তন করে “শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ” করা হয় এবং পুণরায় সমবায় অধিদপ্তরে নিবন্ধন করা হয়। ১৯৬৫ খ্রিষ্টাব্দে প্রয়াত ফাদার চার্লস জে. ইয়াং শুলপুর সাধু যোসেফের ধর্মপল্লীর খ্রিষ্টভক্তদের সমিতি সম্বন্ধে শিক্ষা ও জ্ঞান দান করেন। “শুলপুর খৃষ্টান সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি” এর স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রয়াত মি. পিটার পল গমেজ (এল.এল.বি.),(এম. এন. এ.)। আমি আজ কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে ফাদার চার্লস জে. ইয়াং এবং মি. পিটার পল গমেজ (এল.এল.বি.),(এম. এন. এ.) উভয়কে এবং শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ প্রতিষ্ঠা লগ্নে যে সকল ব্যক্তিবর্গ অনন্য অবদান রেখেছিলেন তাঁদের সবাইকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সাবেক সকল কর্মকর্তা ও কর্মীদের, যাদের মেধা, সুচিন্তা আর পরিশ্রমে আজকের এই শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এতটা সমৃদ্ধ হয়েছে। আমার নির্বাচনী ইশতেহার ছিলোঃ ১. স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আধুনিক স্থায়ী কার্যালয় নির্মাণ। ২. সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে খেলাপী ঋণ সমস্যার সমাধান করা। ৩. স্থায়ী বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়ন ( মডেল ফার্মেসী নির্মাণ , আধুনিক সুবিধা সম্বলিত কমিউনিটি সেন্টার নির্মাণ, সুইমিংপুল (সাঁতার শেখার সুবিধা সহ), জিমনেসিয়াম ও ইমার্জেন্সি গাড়ি সার্ভিসের ব্যাবস্থা করা ) এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ৪. মিশনারি স্কুল প্রতিষ্ঠা করার জন্য ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে সার্বিক সহযোগিতা করা। ৫. শুলপুর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ কে ওয়েবসাইট / ওয়েবমেইল ও স্মার্ট অ্যাপস্ সুবিধার আওত্তায় নিয়ে আসা। ৬. যুগোপযোগী প্রশিক্ষণ ও কর্মশালার (Workshop) আয়োজন করা। ৭. দুস্থ ও বিধবা মহিলাদের জন্য বিশেষ প্রকল্প বাস্তবায়ন। আমি ও আমার পরিষদ ৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. রোজ রবিবার দায়িত্ব বুঝে নেওয়ার পরে স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য অতি দ্রুত যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আশা ও বিশ্বাস রাখি খুব দ্রুত নির্মাণ কাজ দৃশ্যমান হবে। স্থায়ী কার্যালয়ের সাথেই আধুনিক সুবিধা সম্বলিত কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। সমিতির ২০১৪-২০১৫ থেকে ২০২৪-২০২৫ মোট ১১ টি অর্থ বৎসরের আয়কর (Income Tax) এ্যাসিসমেন্ট করা হয়েছে এবং সার্টিফিকেট হাতে পেয়েছি। এটি আমার নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির জন্য একটি সাহসী অর্জন এবং এর দ্বারা শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে বিরাট একটি দায় থেকে মুক্ত করা হয়েছে। এটি একটি সফল অর্জন হিসেবে বিবেচিত হবে বলে আমি ও আমরা বিশ্বাস করি। খেলাপী ঋণ সমস্যার সমাধান করার জন্য সর্বোচ্চ সুযোগ প্রদান করা হয়েছে, ইতিমধ্যেই অনেকে এই সুযোগ গ্রহণ করেছেন। অনেকে আবেদন করেছেন, সুযোগ দেওয়া হয়েছে কিন্তু পরে আর টাকা-পয়সা নিয়ে অফিসে আসেন নাই। তাদেরকে এখনও সু-স্বাগত জানাই। আশা করি ঋণ খেলাপীরা এই সুযোগ গ্রহণ করে নিয়মিত হয়ে সম্মানের সাথে শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাথে থাকবেন। মর্টগেজ ঋণখেলাপীদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সুইমিংপুলের জন্য স্থায়ী কার্যালয়ের জমির পূর্ব পাশে নির্ধারিত স্থান পরিকল্পনায় রাখা হয়েছে, মডেল ফার্মেসী, জিমনেসিয়াম ও ইমার্জেন্সি গাড়ি সার্ভিসের জন্য স্থায়ী কার্যালয়ের জমির পশ্চিম পার্শ্বে নির্ধারিত স্থান বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। স্থায়ী কার্যালয় নির্মাণ পরবর্তী এই সকল বাণিজ্যিক স্থাপনাগুলি নির্মাণের যথাযথ ব্যাবস্থা পরিকল্পনা অনুযায়ী গ্রহণ করা হবে। আর বার্ষিক সাধারণ সভায় এই সকল বাজেট পাশ করার বিষয়টিও অপেক্ষমান। মিশনারি স্কুল প্রতিষ্ঠা করার জন্য ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা অবশ্যই প্রস্তুত আছি। আমার এই বক্তব্য যেহেতু ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, সেহেতু ওয়েবসাইট ও ওয়েবমেইল যে বাস্তবায়ন করা হয়ে গেছে তা আর এই বক্তব্যে বলার অপেক্ষা রাখে না। ঈশ্বরকে ধন্যবাদ। স্মার্ট অ্যাপস্ সুবিধার আওত্তায় শুলপুর ক্রেডিটকে নিয়ে আসা অনেক সময়সাপেক্ষ বিষয়, আর এই খাতে বাজেটও যেহেতু পাশ করা নেই, তাই পরবর্তী বার্ষিক সাধারণ সভায় বাজেট পাশ হলে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হবে। যুগোপযোগী প্রশিক্ষণ ও কর্মশালার (Workshop) আয়োজন করার বিষয়ে আপাতত শুলপুর ক্রেডিটের সম্মানিত উপদেষ্টা মন্ডলী, বিজ্ঞ বোর্ড, উপ-কমিটি সমূহ, কর্মীবৃন্দ, চারটি ক্লাবের সভাপতি বৃন্দ, সকলকে নিয়ে SWOT Analysis, ত্রি-বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও দায়িত্ব বন্টন সংক্রান্ত কর্মশালা অতি দ্রুত অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার সাথে আলাপ করেছি, মশরুম চাষ প্রশিক্ষণ ও হাইড্রোফোনিক চাষাবাদের প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়াও পর্যায়ক্রমে আরও যুগোপযোগী প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। যুবদের উন্নয়নের অংশ হিসেবে আর্চবিশপ মাইকেল রোজারিওর জন্মশতবার্ষিকি উপলক্ষে ৩০ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত আর্চবিশপ মাইকেল রোজারিও স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে, পর্যায়ক্রমে ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হবে এবং মিশণ থেকে প্যারিস কাউন্সিল ও এস.বি.এম. জনকল্যাণ সমিতি কর্তৃক যে সাংস্কৃতিক আয়োজন করা হবে, সেখানে মাঠের মঞ্চ ও সাজ-সজ্জার খরচ শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বহন করবে। দুস্থ ও বিধবা মহিলাদের জন্য বিশেষ প্রকল্প বাস্তবায়নের জন্য উপদেষ্টা পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে তালিকা প্রণয়ন করার। বিশেষ ঋণ বা স্বল্প সুদে ঋণ প্রদানের প্রকল্প এবং অতি দুস্থদের ত্রৈমাসিক ভাতা প্রদানের প্রকল্প গ্রহণের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, পরবর্তী বার্ষিক সাধারণ সভায় বাজেট পাশ হলে প্রকল্প দুইটি বাস্তবায়ন করা হবে।
সম্মানিত সদস্য-সদস্যা, অন্যান্য সকল ধরণের হিসাবধারী ও শুভাকাঙ্খীবৃন্দ, আপনারা আমাকে ও আমার পরিচালনা পরিষদকে প্রার্থনায় স্মরণ রাখবেন, যে বিশ্বাস ও ভরসা রেখে আপনারা ভোট দিয়েছেন আমি ও আমরা যেন সেই বিশ্বাস ও ভরসার মর্যাদা রক্ষা করতে পারি। পরিশেষে বলতে চাই, শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সার্বিক উন্নয়নের জন্য বিনিয়োগে অংশীদার হোন এবং সক্রিয় সদস্য হিসেবে নিয়মিতভাবে শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাথেই থাকুন। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।